কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা যখন মেধার লড়াইয়ে ব্যস্ত, তখন বাইরে অভিভাবকদের মাঝে দেখা গেছে উৎকণ্ঠা ও আবেগের চিত্র।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমিয়েছেন অভিভাবকরা। দুপুরের দিকে রুদ্র থাকায় অনেকেই ছাতা মাথায় দাঁড়িয়ে ছিলেন। রোদের তাপ উপেক্ষা করে কেন্দ্রের বাইরে ঠায় দাঁড়িয়ে সন্তানের জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন তাঁরা। ভিড়ের মাঝে এক মাকে দেখা যায় একমনে তসবিহ হাতে সন্তানের মঙ্গলের জন্য দোয়া করছেন। শুধু তিনি নন, অনেক অভিভাবককেই দোয়া-দরুদ পড়তে দেখা যায়।
ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর অভিভাবক নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘‘সন্তানের ভবিষ্যৎ গড়ার এটাই প্রথম ধাপ। ভর্তি পরীক্ষা শুধু সন্তানের নয়, অভিভাবকেরও বড় চ্যালেঞ্জ। সন্তানের স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত মনটা অস্থির থাকে। ভেতরে ছেলে কলম ধরে লিখছে, আর বাইরে আমরা প্রতিটি মিনিট গুনছি। শুধু দোয়া করছি ছেলে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে।’’
আরেক অভিভাবক বলেন, ‘‘ভর্তি পরীক্ষা মানেই সন্তানের জীবনের বড় পরীক্ষা। বাইরে বসে আমরা দুশ্চিন্তায় থাকলেও মনে সাহস রাখছি। আশা করি সে সফল হবে।’’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আজ ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।

